করোনা ভ্যাকসিন গ্রহণে চট্টগ্রামে ধীরে ধীরে আগ্রহ বাড়ছে। যতই দিন যাচ্ছে ততই বুথে ভিড় বাড়ছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) একদিনেই চট্টগ্রামে ভ্যাকসিন নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ১৫টি ভ্যাকসিন বুথে নিয়েছেন ৫ হাজার ৩৭৮ জন। অন্যরা ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিয়েছেন।
এ সম্পর্কে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিন করোনা ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। গত তিন দিনে যত মানুষ ভ্যাকসিন নিয়েছেন, বুধবার একদিনেই নিয়েছেন তত মানুষ। আজ নগরী ও উপজেলা মিলে ভ্যাকসিন নেওয়াদের মধ্যে রয়েছেন পুরুষ ৭ হাজার ৩২ জন এবং নারী ৩ হাজার ৩৩০ জন।’
এ নিয়ে চার দিনে চট্টগ্রামে করোনা টিকা নিলেন ২০ হাজার ১৮৯ জন। যেখানে গত তিন দিনে করোনা ভ্যাকসিন নিয়েছেন ৯ হাজার ৮২৭ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার (১০ ফেব্রুয়ারি) ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন ৪ হাজার ৯৮৪ জন। এর মধ্যে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন ৭০০ জন, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ জন, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১০ জন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪৪ জন, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৮০ জন, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১১০ জন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩৪ জন, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫৮ জন, সীতাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮৮ জন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫০ জন, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২৬ জন, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০১ জন, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬০ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২৩ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন।
এর আগে গত ৩১ জানুয়ারি চার লাখ ৫৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে নিয়ে আসা হয়। বেক্সিমকো ফার্মার একটি গাড়িতে করে ঢাকা থেকে পাঠানো ওই ভ্যাকসিনগুলো ওইদিন সকাল ৭টায় চট্টগ্রামে এসে পৌঁছায়। এরপর ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়। পরে সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ভ্যাকসিন পাঠানো হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু হয়।
সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিকভাবে নগরীর ১৫ টি টিকাদান কেন্দ্রে করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি উপজেলা পর্যায়ে ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হচ্ছে।’
নগরীর ১৫টি টিকাদান কেন্দ্রের মধ্যে রয়েছে– নগরীর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমানবাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাপা মোতালেব মাতৃসদন হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।









