টাঙ্গাইলের কালিহাতীতে কোটি টাকা মূল্যের এক কেজি একশ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার (৯ মার্চ) বিকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
টাঙ্গাইলের র্যাব-১২-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন– চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের ভাড়াটিয়া আব্দুস সাত্তারের স্ত্রী ফুলেরা বেগম ওরফে আঁখি বেগম (৩৫), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে সোলেমান আলী (৫০) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মামুন আলী (১৯)।
সহকারী পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের একটি হাসপাতালের সামনে থেকে ওই হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ১০ লাখ টাকা বলেও তিনি জানান।








