মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের শাহমীর এলাকায় হাকালুকি হাওরে নৌকা ডুবে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর তানিম সিদ্দিকী (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। সোমবার (১৩ জুন) বিকালে উপজেলার ভাটেরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহমীর এলাকায় এই নৌকাডুবির ঘটনার পর রাত পৌনে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়।
তানিম বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। তিনি ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দারা জানান, তানিমসহ আট-দশ জন নৌকাযোগে হরিপুর এলাকা থেকে শাহমীরণ এলাকায় একটি বাড়িতে শিরনি খেতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে ফিরলেও তানিম ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ১০টায় লাশটি উদ্ধার করেন।
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নৌকার মধ্যে তারা হৈ-হুল্লোড় করছিলেন। আবহাওয়া খারাপ ছিল, এ কারণে একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।’









