মীরসরাইয়ের জোরারগঞ্জ থেকে অপহৃত এক যুবককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী ও মুক্তিপণ আদায়চক্রের মূল হোতা মো. মামুনকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ মে) ভুজপুর থানার রহমতপুর এলাকা থেকে অপহরণের শিকার যুবককে উদ্ধার করা হয়।
গ্রেফতার মামুন মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের আব্দুস সোবহানের ছেলে। অপহরণের শিকার ব্যক্তির নাম নুর হাসেম। তিনি চট্টগ্রাম নগরীর কর্ণফুলি উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘অপহৃত যুবক নুর হাসেম মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মডার্ন সিনটেক নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে চাকরির সুবাদে মামুন এবং জসিমের সঙ্গে তার পরিচয় হয়। গত ২৮ এপ্রিল দুপুরে জসিম তাকে ফোন করে করেরহাট এলাকায় যাওয়ার জন্য বলে। ভিকটিম নুর তার সঙ্গে দেখা করার জন্য রওনা দেন। ভিকটিম করেরহাট এলাকায় পৌঁছলে সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক তাকে সিএনজিতে করে ভুজপুরের কৈলারছড়া এলাকায় জসিমের বাসায় নিয়ে যায়। সেখানে আসামি মামুন এবং অজ্ঞাত চার-পাঁচ জন সহযোগী ভিকটিমকে অপহরণ করে ভুজপুর থানার ভারত সীমান্তবর্তী একটি অজ্ঞাত এলাকায় নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন করে।
‘পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে মেরে ফেলারও হুমকি দেয়। অপহরণকারীরা ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতন করে তার পরিবারের লোকদের মোবাইলের মাধ্যমে শোনাতো। এ ঘটনায় পরিবারের লোকজন র্যাবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে মামুন। অভিযানের সময় অপর আসামিরা পালিয়ে যায়। পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার মামুনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








