সৌরবিদ্যুৎ মিনি গ্রিডে আগুন: দুর্ঘটনা নাকি নাশকতা?

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
১০ জুলাই ২০২৩, ১৯:৫৭আপডেট : ১০ জুলাই ২০২৩, ২০:৪৬

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ৩৫০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের মিনি গ্রিডে আগুনের ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্যাটারি রাখার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হলেও এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনও নাশকতা তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রিড কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

সৌরবিদ্যুৎ প্রকল্পের মিনি গ্রিডে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৪২০ পরিবার

এর আগে রবিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরসাজাই গ্রামের কানেশিয়া সোলার মিনি গ্রিড প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গ্রিডে থাকা ২৮৮টি ব্যাটারি পু‌ড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ২৭টি ইনভার্টার। এ ঘটনায় গ্রিডের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রকল্পের আওতায় থাকা ৪২০টি পরিবারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আগুনের ঘটনা ঘটলেও প্রকল্প এলাকাটি নদীবেষ্টিত দ্বীপচর হওয়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সবকিছু পুড়ে ছাই হওয়ার পর ধীরে ধীরে আগুন নিভে যায় বলে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

গ্রিড কর্তৃপক্ষ জানায়, কানেশিয়া সোলার মিনি গ্রিড প্রকল্পটি ৩৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন। ২০১৮ সালে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) অর্থায়নে ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি চালু করা হয়। এক্সিলোন বাংলাদেশ লিমিটেড কোম্পানি প্রকল্পটি পরিচালনা করে আসছে। হাইব্রিড সিস্টেম এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় ৪২০টি পরিবারকে সরবরাহ করা হয়। ত‌বে পরবর্তী‌ সময়ে পল্লী বিদ‌্যুতায়ন বোর্ড ওই এলাকায় বিদ‌্যুৎ সঞ্চালন লাইন চালু ক‌রায় প‌রিবারগু‌লো উভয় সরবরাহ লাইন থে‌কে বিদ‌্যুৎ সু‌বিধা পে‌য়ে আস‌ছিল।

স্থানীয় বাসিন্দা ও গ্রিডের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাও হতে পারে। এর পেছনে স্থানীয় কয়েকটি পরিবারের পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে। কয়েক মাস ধরে তারা বিভিন্নভাবে প্রক‌ল্পের বি‌রোধিতা করে আসছে। বিষয়টি তদন্তের দাবি করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গ্রিডের নিরাপত্তাকর্মী নিয়োগ নিয়ে একটি পক্ষ সংক্ষুব্ধ ছিল। তারা বিভিন্ন সময় হুমকিও দিয়েছিল। এ ছাড়াও ওই পরিবারগুলো প্রভাব খাটিয়ে কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলও দিচ্ছিল না। এই অগ্নিকাণ্ড ওই পক্ষের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।

গ্রিডে থাকা টেকনিশিয়ান ও নিরাপত্তাকর্মীরা বলেছেন, ব্যাটারির চার্জ কম থাকায় শ‌নিবার দিবাগত রাত ২টায় গ্রিড শাটডাউন করা হয়েছিল। সকাল সাড়ে ৭টা বা ৮টায় ব্যাটারি ওভার চার্জ হওয়া সম্ভব নয়। এই সিস্টেমে ওভার চার্জ হওয়ার সুযোগও নেই। এ ছাড়াও শর্টসার্কিট হওয়ার মতো কোনও অবস্থাও ছিল না। ফলে দুর্ঘটনায় আগুন লাগার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটি কোনও পরিকল্পিত নাশকতা হতে পারে।

গ্রিডের নিরাপত্তাকর্মী লিটন বলেন, ‘রাতে আমি প্ল্যান্টের ভবনেই থাকি। প্রতিদিনের মতো রবিবার সকালে ঘুম থেকে উঠে আমি গ্রিডের সবকিছু যাচাই করি। রাতে গ্রিড বন্ধ করা হয়েছিল। সকালে ব্যাটারির চার্জও ছিল কম, কন্ট্রোলারে হলুদ বাতি জ্বলছিল। এরপর আমি ৭টার দিকে খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে যাই। পৌনে ৮টার দিকে খবর পাই আগুন লেগেছে। এমনি এমনি আগুন লাগার কোনও অবস্থা ছিল না। এটি পরিকল্পিত হতে পারে। হয়তো বাইরে থেকে কেউ আগুন দিয়ে থাকতে পারে। তবে আমরা যেহেতু দেখিনি, তাই নিশ্চিত করে বলতে পারছি না।’

প্রকল্প চত্বরে বহিরাগতদের প্রবেশের বিষয়ে লিটন বলেন, ‘আমি যাওয়ার সময় মূল ফটকে তালা দিয়ে যাই। তারপরও এর পাশ দিয়ে টপকে প্রকল্প চত্বরে প্রবেশে করা যায়। স্থানীয় অনেকে এভাবে ভেতরে প্রবেশও করে। তবে অগ্নিকাণ্ডের দিন কেউ ওভাবে প্রবেশ করেছিল কিনা তা আমরা দেখতে পারিনি।’

গ্রিডের টেকনিশিয়ান জাহিদ হাসান বলেন, ‘প্ল্যান্টে ব্যাটারি ও ইনভার্টারের কক্ষ আলাদা। আমি নিজে ভবনের ওপরতলায় থাকি। ব্যাটারিতে চার্জ কম থাকায় রাত ২টার দিকে গ্রিড শাটডাউন করা হয়েছিল। অগ্নিকাণ্ডের সময় গ্রিড বন্ধ ছিল। ব্যাটারির কক্ষে শর্টসার্কিট হওয়ার কোনও সুযোগ নেই। কিন্তু ব্যাটারির কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কোনও বিস্ফোরণও ঘটেনি। ফলে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে আমি সন্দিহান। এটি তদন্ত না করে বলা যাচ্ছে না।’

‘কীভাবে আগুনটা লেগেছে তা কোনোভাবে বোঝা যাচ্ছে না। তবে কোনও শর্টসার্কিটের কারণে না। কারণ গ্রিড বন্ধ ছিল। কেউ ষড়যন্ত্র করছে কিনা, সেটিও নিশ্চিত করে বলতে পারছি না। এলাকায় কিছু লোক আছে যারা সবসময় আমাদের কোম্পানির ক্ষতি করার চেষ্টা করে। তারা পরিকল্পনা করে এ কাজ করেছে কিনা তাও বলতে পারছি না’- যোগ করেন জাহিদ হোসেন।

স্থানীয় কয়েকটি পরিবারের ক্ষুব্ধ থাকার বিষয়ে জানতে চাইলে এই টেকনিশিয়ান বলেন, ‘হ্যাঁ, কয়েকটি পরিবার প্রকল্পের ওপর ক্ষুব্ধ রয়েছে। কিন্তু তারা কিছু করেছেন কিনা তা আমি বলতে পারবো না। কেন অগ্নিকাণ্ড ঘটেছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলে জানা যাবে।’

ওই পরিবারগুলোর বিদ্যুৎ বিল পরিশোধ না করার বিষয়ে জাহিদ বলেন, ‘চার-পাঁচটি পরিবার বিদ্যুৎ বিল দিতে চায় না। এরমধ্যে কারও পাঁচ মাস আবার কারও সাত-আট মাসের বিল বকেয়া রয়েছে।’

পরবর্তী ব্যবস্থার বিষয়ে জাহিদ বলেন, ‘ঘটনার পর পুলিশ ও ইডকলের একজন প্রতিনিধি ক্ষতিগ্রস্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার আমাদের কোম্পানি থেকে প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেবে।’

কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ছক্কু বলেন, ‘আশপাশের কিছু পরিবার প্রকল্পের বিরুদ্ধে ছিল। তারা কিছু করেছে কিনা আমার জানা নেই। তবে তদন্ত করলে আগুনের প্রকৃত কারণ বের হয়ে আসবে।’

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ‘আমরা এখনও কোনও অভিযোগ পাইনি। নাশকতার কোনও অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবো।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি