মাদারীপুর শিবচরে বসতঘরের মধ্যে থেকে একটি পুরনো গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভান্ডারী কান্দি ইউনিয়নের মিজানুর ব্যাপারির বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, ৫-৬ মাস আগে ভান্ডারীকান্দি ইউনিয়নের বেপারী কান্দি এলাকার শাহিন বেপারির ছেলে সিফাত (৫) এবং ইলিয়াস ফকিরের ছেলে সাব্বির (৪) একই এলাকার মিজানুর রহমান বেপারির বাড়ির দক্ষিণ পাশের চত্বরে খেলতে যায়। সে সময় তারা ঝোপঝাড়ের মধ্যে গ্রেনেডসদৃশ বস্তুটি পেয়ে মিজানুর রহমান বেপারীর মেয়ে সুমাইয়া আক্তারের (২০) কাছে দেয়। সুমাইয়া সেটি চিনতে না পেরে বসতঘরের মধ্যে রেখে দেয়। শুক্রবার রাতে টেলিভিশনে সংবাদ দেখে গ্রেনেডটি চিনতে পেরে দ্রুত জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করেন। সংবাদ পেয়ে নিকটস্থ ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সেলিম রেজা সেখানে যান। তিনি মিজানুর রহমান বেপারির বসতঘর থেকে পুরনো মরিচাপড়া একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করেন।
ওসি আরও জানান, বর্তমানে গ্রেনেডটি ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের নিরাপদ স্থানে রাখা হয়েছে। সেটি সচল আছে কিনা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হবে।









