আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
শনিবার বেলা সাড়ে ৩টায় নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে আওয়ামী যুবলীগ লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘লোহাগড়ার মাটি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ঘাঁটি’ উল্লেখ করে এ সময় মাশরাফি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে এই জনপদে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা, সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউছুল আজম মাসুমসহ অন্য অতিথিরা।
প্রধান অতিথি মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ সোনার বাংলায় পরিণত হয়েছে। দেশে আজ গণতন্ত্র উদ্ধার ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সহিংসতাকে একমাত্র রাজনৈতিক কৌশল বলে মনে করে বিএনপি। বিএনপি ও তাদের সহযোগীদের ষড়যন্ত্রের বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’
লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদার।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের মতামত নেওয়া হয়। দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।









