বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে।’
বুধবার (০৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা পত্র-পত্রিকা-সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে দেখছি, একটি দল নারীদের হেয় করে নানা বাজে কথা বলছে। আপনারাই বলুন, যারা দেশের অর্ধেক মানুষ আমাদের মা-বোনকে সম্মান করতে জানে না তারা কীভাবে দেশ চালাবে!
‘বিএনপি সব সময় কাজে বিশ্বাস করে, কর্মে বিশ্বাস করে। আমরা নিছক সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটি দল আপনাদের সামনে এসেছে– তাদের আমরা আগে কখনও এভাবে দেখিনি। এখন তারা এসেছে রাজনীতি করতে, নির্বাচন করতে। নির্বাচন নিশ্চয়ই করবেন, রাজনীতি করার সবার অধিকার আছে, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না।’
মির্জা ফখরুল ভোটারদের সতর্ক করে বলেন, ‘জামায়াত ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। মা-বোনদের ভুল বোঝাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাবে! এটা কোনও মুসলমান বিশ্বাস করে না। মাকে শ্রদ্ধা না করলে কেউ বেহেশত পেতে পারে না। চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামী কোনও ইসলামি দল নয়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমার ওপর ১১৭টি মিথ্যা মামলা দিয়েছিল। সাড়ে তিন বছর জেলে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছেন। ২০ হাজার নেতাকর্মী খুন হয়েছেন। বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
‘বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক যেন ন্যায্য মূল্যে সার, বীজ, তেল ও কৃষিপণ্য ক্রয় করতে পারে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকের ঋণ মওকুফ করে দেওয়া হবে। নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নেবে সরকার।’
এ সময় উপস্থিত ছিলেন– জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ওয়ার্ড বিএনপিসহ সাধারণ ভোটাররা।








