প্রথম চন্দ্র দর্শনের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন গ্রামে উদযাপন করা হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তবে এ বছর দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়লেন চাঁদপুরের সাদ্রা গ্রামের সাত জন মুসল্লি।
সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক অনুসারী মাত্র সাত জন মুসল্লি নিয়ে মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন।
এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’
তিনি যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে।
এদিকে, সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী বলেন, ‘আগের মাসের চাঁদ এখনও শেষ হয়নি। তাই আমরা আজ ঈদ উদযাপন করছি না।’
তিনি বলেন, ‘একটি বাড়িতে কয়েকজন ঈদের জামাত করেছেন। তারা যে খবরের ভিত্তিতে ঈদ উদযাপন করছেন আমরা সেটিকে সঠিক বলে মনে করতে পারছি না।’
উল্লেখ্য, প্রথম চাঁদ দেখার ভিত্তিতে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে।









