রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অভিযান চালানো হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬০ কেজি জাটকা ইলিশ এবং ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এবং কোস্ট গার্ডের সদস্যরা।
উপজেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আনুমানিক ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০টি চায়নাদুয়ারী জাল এবং ১৬০ কেজি জাটকা ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। এ সময় তিন জন আসামিকেও আটক করা হয়। জব্দ করা জাল ফেরিঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ব্যক্তিদের প্রত্যেককে ১৫শ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পদ্মা নদীতে উপজেলা মৎস্য অধিদফতর ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।’









