বরিশাল সদর উপজেলা ইউএনওর বাসভবন চত্বরে গত ১৮ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার ১০ দিন পর এ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি বলেন, ‘এই জেলায় প্রধানমন্ত্রীর প্রতিনিধি আমি (জেলা প্রশাসক) এবং ইউএনও মুনিবুর রহমান। তার (ইউএনও) গায়ে যে আঘাত করবে সে প্রধানমন্ত্রীকে অপমান করলো, এটা সবার জানা উচিত। যিনি রাষ্ট্রের জন্য, প্রধানমন্ত্রীর জন্য কাজ করেন তাকে সম্মান জানাতে হবে।’
রবিবার (২৯ আগস্ট) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই উপজেলার গিলাতলী এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘এ জেলায় যারা কাজ করেন তারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিনিধি আমি এবং ইউএনও মুনিবুর রহমান। ইউএনও শুধু প্রজাতন্ত্রের কর্মচারী নয়, তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তিনি যতদিন প্রয়োজন বরিশালে থাকবেন। তাকে কাজ করার সুযোগ দিতে হবে।’
এ সময় সেখানে উপস্থিত জনতার উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘কেউ কেউ বলেন ইউএনও’কে বদলি করা হয়েছে। ইউএনওর বদলি হয়েছে ১০ আগস্ট। আপনারা চান ইউএনও এখানে থাক।’ তখন একই সঙ্গে আওয়াজ ওঠে ইউএনওকে বরিশালে রাখার জন্য। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের কথা শুনে আমার ভালো লাগলো।’
আন্তরিকতা-ভালোবাসাকে কেউ দুর্বলতা ভাববেন না উল্লেখ করে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর পক্ষে জনগণের সেবা করতে এসেছেন। কারও সঙ্গে কোনও বৈরিতা কিংবা শত্রুতা নেই। কোনও অন্যায়ের সাপোর্ট করতে বরিশালে আসেননি তিনি।
অনুষ্ঠানে করোনাকালীন ২শ’ মেট্রিক টন চাল ও দুই কোটি টাকার সরকারি বরাদ্দ সিটি করপোরেশন এলাকায় যথাযথভাবে বণ্টন হয়নি বলে অনুযোগ করেন জেলা প্রশাসক।
বরিশালের জেলা প্রশাসক গত ১৯ আগস্ট শেষবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেদিন এক প্রশ্নের জবাবে তৎকালীন প্রেক্ষাপটে বিজিবি মোতায়েনের কথা জানিয়েছিলেন তিনি। এর পরদিন থেকে গণমাধ্যমকর্মীরা বহু চেষ্টা করেও তাকে পাননি। ১০ দিন পর তিনি সদর উপজেলার গিলাতলীতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন।
আরও পড়ুন:
নেতাকর্মীদের ওপর গুলির অভিযোগ, বরিশাল থেকে বাস-লঞ্চ বন্ধ
ইউএনওর বাসভবনে হামলা, ওসি-প্যানেল মেয়রসহ গুলিবিদ্ধ ৭
যে ঘটনায় ইউএনও'র বাসভবনে হামলা
হামলা ও সংঘর্ষের ঘটনায় যা বললেন ইউএনও
গায়ে জ্যাকেট থাকায় গুলিতে আহত হইনি: মেয়র সাদিক









