ঝালকাঠির শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে কুপিয়ে জখম করেছেন তার সাবেক স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক স্বামী আতিকুর রহমানকে আটক করেছে পুলিশ।
শিক্ষিকার সহকর্মীরা জানান, ওই শিক্ষিকা ছিলেন পুলিশের এক এএসআইয়ের স্ত্রী। পরে প্রেম করে ২০২১ সালের মে মাসে আতিকুর রহমানকে বিয়ে করেন।
বিয়ের আগে ওই শিক্ষিকাকে ১৮ লাখ টাকার জমি লিখে দেবেন এবং ভরণপোষণসহ সব খরচ বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন আতিকুর। কিন্তু বিয়ের পর স্ত্রীর সঙ্গে প্রতারণা করেন। একাধিক বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ান আতিকুর। এ নিয়ে ২০২২ সালের ১৫ জুন তাদের বিচ্ছেদ হয়।
মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে শিক্ষিকাকে কুপিয়ে আহত করেন আতিকুর। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আতিকুর। তিনি জানান, বিচ্ছেদের পর অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে ক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়েছেন। এ ঘটনায় যে বিচার হয়, তা মেনে নেবেন তিনি।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, আতিকুর পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাকে থানায় আনা হয়। বিকাল পর্যন্ত কেউ অভিযোগ না করায় থানা হেফাজতে রাখা হয়েছে। শিক্ষিকার আত্মীয়-স্বজন চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় অভিযোগ দিতে দেরি হচ্ছে।
শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বলেন, সকাল ৯টার দিকে বিদ্যালয়ে আসার সময় ওই শিক্ষিকাকে কুপিয়ে আহত করা হয়। আমরা এ ঘটনার বিচার চাই।








