কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে দুই রোহিঙ্গা যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মো. ই্উনুছের ছেলে মো. ইউসুফ।
কক্সবাজার যুগ্ম ও দায়রা জজ (প্রথম) আদালতের পিপি অ্যাডভোকেট আবুল হাসেম জানান, ২০১৫ সালের ১৩ আগস্ট ইয়াবাসহ আটকের পর বিজিবি তাদের টেকনাফ থানায় সোপর্দ করে। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা (জি.আর ৫১৫/২০১৫) দায়ের করে। ওই মামলায় দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরও পড়ুন: ১৫ মে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু






