কুমিল্লায় এক নারীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মুন্সেফবাড়ি এলাকার চার তলা বিশিষ্ট রহমান ভিলাতে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের নাম রুবি আক্তার (৪২)। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান।
নিহতের ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফার দাবি, ‘রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন অন্য নারীর সঙ্গে প্রেম ছিল। এ বিষয়ে প্রতিবাদ করলে রুবিকে প্রায় মারধর করতো। তাকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করছি।’
তিনি আরও বলেন, ‘আমার বোনকে যে ভবনের ছাদ থেকে ফেলেছে, সেই ভবনে আড়াই ফুট নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আমার বোনকে কেউ না ফেললে এখান থেকে পড়ার প্রশ্নই আসে না।’
নিহত রুবির স্বামী জাহাঙ্গীর হোসেনের দাবি, ‘রুবি আমার দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে বিয়ে হয়। আমরা খুব ভালোই ছিলাম। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার বয়স্ক মা ও ছেলে পিয়াল বাসায় ছিল। ধারণা করছি, ছাদে উঠে মাথা ঘুরে পড়ে গেছে। নির্যাতন ও প্রেমের বিষয়টি মিথ্যা।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবো। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় স্বামী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’









