চট্টগ্রামে ব্যবসায়ী মো. মঈনুদ্দিন (৩০) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, মঈনুদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না দেওয়ায় তাকে হত্যার পর ভারতে পালাতে চেয়েছিল তারা।
গ্রেফতারকৃতরা হলো—মামলার প্রধান আসামি কিশোর গ্যাংয়ের প্রধান ফয়সাল ইসলাম ওরফে পিস্তল বাবু, সুমন মিয়া (২৯) ও মো. রুবেল (৩৪)। শনিবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মঈনুদ্দিনের ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
রবিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন।
আরও পড়ুন: ভারতে পালানোর সময় কিশোর গ্যাংয়ের প্রধান গ্রেফতার
তিনি জানান, চট্টগ্রাম বাণিজ্য মেলায় কাপড়ের দোকান দিয়েছিলেন মঈনুদ্দিন ও মোবারক হোসেন সজিব। তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে বাবু ও তার সহযোগীরা। চাঁদা না পেয়ে গত বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি থানার কাজির দেউড়ি এলাকায় তাদের ছুরিকাঘাত করে তারা। গুরুতর আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে বাবুসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ভারতে পালাতে চেয়েছিল। সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।









