কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় পূর্ব বিরোধের জেরে ফয়সাল ইসলাম হৃদয় (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পরদিন সোমবার (০২ জানুয়ারি) হৃদয়ের বড় ভাই পারভেজ হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ সরকার মামলার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, মামলায় স্থানীয় মনির হোসেনকে (১৯) প্রধান আসামী করে ছয় জনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাতনামাসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।
হৃদয়ের মামা জয়নাল আবেদিন জনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বড় ভাগনে পারভেজ বাদী হয়ে মামলা করেছে। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।’
আরও পড়ুন: ‘থার্টি-ফার্স্ট নাইটের পার্টি’ থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা
পুলিশ কর্মকর্তা হানিফ সরকার বলেন, ‘আমরা মামলা নিয়েছি। এক্ষুণি আসামিদের নাম প্রকাশ করতে পারছি না। এতে আসামিরা সতর্ক অবস্থানে চলে যাবে। তবে আমরা দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখেছি। আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।’
উল্লেখ, ফয়সাল ইসলাম হৃদয় দক্ষিণ চর্থা বড়পুকুর পাড় এলাকার বাবু মিয়ার ছেলে। রবিবার (১ জানুয়ারি) থার্টি-ফাস্ট নাইটের পার্টি থেকে গভীর রাতে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ডেকে নিয়ে হত্যা করে।








