চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১০৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় আদালতে চার্জ গঠন করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের জজ মোহাম্মদ শরিফুর রহমানের আদালতে এ চার্জ গঠন করা হয়। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়া, ইট-পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ২০১৩ সালের ২৪ ডিসেম্বর মামলাটি করা হয়। সীতাকুণ্ড থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে আসলাম চৌধুরীসহ ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।
এই মামলায় ২০১৫ সালে ৪৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের মধ্যে ২২ জন জামিন নিয়ে ও ২৫ জন পলাতক রয়েছেন।
অপর মামলাটি হয় একই বছরের ১৭ নভেম্বরের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগে দণ্ডবিধির কয়েকটি ধারায় ও বিস্ফোরক দ্রব্য আইনে করা হয়।
সীতাকুণ্ড থানার এসআই মো. সাফিকুল ইসলাম ২২ জনের নাম উল্লেখসহ ১২০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন। ওই মামলায় ৫৮ জনকে আসামি করে ২০১৫ সালের অক্টোবরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আসামিদের মধ্যে ৫৫ জন জামিনে ও তিন জন পলাতক রয়েছে।







