প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করে ভালো ফলন পেয়েছেন কক্সবাজারের কৃষকরা। তুলনামূলক কম সময়ে এবং কম খরচে এ ধান আবাদ করে বেশি ফলন পাওয়ায় আগামীতে আবাদ আরও বাড়বে বলে জানিয়েছেন তারা।
পাশাপাশি আগামীতে মাঠ দিবসের মাধ্যমে বঙ্গবন্ধু ধান-১০০ রোপণ থেকে শুরু করে কাটা পর্যন্ত কৃষকদের পাশে থাকবে বলে জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়াস্ত সিকদারপাড়া এলাকায় বঙ্গবন্ধু ধান-১০০-এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান মুকুল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজা আকতার উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, ‘মাঠ দিবসের মাধ্যমে বঙ্গবন্ধু ধান-১০০ সম্পর্কে কৃষকদের জানাতে হবে। কারণ এই ধান উচ্চ ফলনশীল। ১৪৫ দিনে কৃষক ঘরে ধান তুলতে পারবেন। প্রতি শতকে এক মণ পাওয়া যায়।’
বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু ধান-১০০ পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। এই জাতের ধানের ভালো ফলন হওয়ায় আমরা আশাবাদী হয়ে উঠছি। এতে কৃষকরা সহজে লাভবান হতে পারবেন।’
স্থানীয় কৃষক আব্দুল মাজেদ বলেন, ‘বঙ্গবন্ধু ধান-১০০ যারা চাষ করেছেন, তাদের ভালো ফলন হয়েছে। ক্ষেতে রোগবালাই বা পোকামাকড় আক্রমণ করেনি। আগামীতে আরও বেশি কৃষক এই ধান আবাদ করবেন।’








