পিঁপড়ার ডিম বিক্রি করে চলে তাদের সংসার

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
০৪ নভেম্বর ২০২৩, ১০:০০আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১০:০০

বেঁচে থাকার জন্য কত বিচিত্র কাজ করতে হয় মানুষকে। তেমনই এক ব্যতিক্রম পেশা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা। আর এই ডিম বিক্রি করে দুবেলা-দুমুঠো খাবারের জোগাড় করছেন একটি গ্রামের শতাধিক মানুষ।

তবে বন বিভাগ এই ধরনের পেশা থেকে স্থানীয় ব্যক্তিদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের রঙমিয়া পাড়ায় এক যুগ ধরে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করছেন শ্রমজীবী মানুষ। শৌখিন ও পেশাদার মাছশিকারিদের কাছে এসব পিঁপড়ার ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তারা।

লাল পিঁপড়ার ডিম, যা কিনে নেন শৌখিন ও পেশাদার মাছশিকারিরা

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) মাটিরাঙ্গা উপজেলার রঙমিয়া পাড়া এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, লাল পিঁপড়ার ডিম সংগ্রহ ও সংরক্ষণের কঠোর কর্মযজ্ঞ। লাল পিঁপড়ের ডিম সংগ্রহকারীরা হাতে লম্বা বাঁশ ও বাঁশের তৈরি ঝুড়ি নিয়ে প্রতিদিন সকাল হলেই বেরিয়ে পড়ে উপজেলার দূর-দূরান্তের বিভিন্ন পাহাড়, পর্বত, বন-জঙ্গলে। সারা দিন লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করেন তারা।

ডিম সংগ্রহকারী শাহিন উদ্দিন বলেন, পিঁপড়ার ডিম সংগ্রহ ও সংরক্ষণের কাজটি খুব সতর্কতার সঙ্গে করতে হয়। কৃষিকাজের পাশাপাশি জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে এ কাজ করছি আমরা। সারা দিন এক থেকে দেড় কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করা যায়।

প্রতি কেজি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়

তিনি আরও বলেন, লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে পাইকারি দামে প্রতি কেজি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করি। এতে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হয়। আর পিঁপড়ার ডিম বিক্রি করে যা টাকা পাই, তাতেই আমাদের সংসার চলে। তবে বর্ষাকালে ডিম সংগ্রহ করা কঠিন হয়।

সাধারণত মেহগনি, আম, লিচু, কনক ও কড়ইসহ দেশীয় নানা প্রজাতির গাছে লাল পিঁপড়ার বাসা বাঁধে। এসব গাছে খুঁজলে পিঁপড়ার বাসা পাওয়া যায় বলেও জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ীরা এসব ডিম কিনে নিয়ে বিভিন্ন জেলায় বিক্রি করেন

আরেক কৃষক হাসান জানান, বনজঙ্গলে কিংবা লোকালয়ে বিভিন্ন গাছ থেকে তারা সংগ্রহ করেন পিঁপড়ার ডিম। তাও আবার লাল পিঁপড়ার ডিম। মাছ শিকারের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লাল পিঁপড়ার ডিম। এসব ডিম সংগ্রহের পর তা বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়েই চলে তাদের সংসার।

লাল পিঁপড়ার ডিম সংগ্রহকারীদের কাছ থেকে পাইকারি দামে এসব ডিম কেনেন স্থানীয় তিন ব্যবসায়ী। তারা হলেন একই এলাকার মো. জাহাঙ্গীর হোসেন, মো. জাকির মিয়া ও মো. মনির হোসেন।

কুমিল্লায় ও চট্টগ্রামে লাল পিঁপড়ার ডিমের প্রচুর চাহিদা রয়েছে

তারা জানান, প্রায় এক যুগ ধরে লাল পিঁপড়ার ডিম সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি হিসেবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন তারা। তাদের তিনজনের অধীনে শতাধিক মানুষ বিচিত্র এ কর্মসংস্থান তৈরি করে নিয়েছেন। মূলত মাছের খামারি ও শৌখিন মাছশিকারিরা এই ডিম কিনে থাকেন। কুমিল্লা ও চট্টগ্রামে লাল পিঁপড়ার ডিমের প্রচুর চাহিদা রয়েছে বলেও জানান তারা।

মো. জাকির মিয়া জানান, প্রতিদিন ১৮ থেকে ২০ জন তাকে পিঁপড়ার ডিম সংগ্রহ করে দেন। দুই-তিন দিন পরপর চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা থেকে ব্যবসায়ীরা এসে তার কাছ থেকে ডিম কিনে নিয়ে যান। একসময় এ পেশায় লোকজন কম ছিল বলে তখন প্রচুর ডিম পাওয়া যেতো। এ পেশায় লোকজন বাড়লেও নির্বিচারে দেশীয় গাছ কাটার কারণে পিঁপড়ার বাসা কমে গেছে। তাই গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছেন এই পেশার মানুষগুলো।

এই ধরনের পেশা থেকে স্থানীয়দের বিরত থাকার পরামর্শ দেন বন কর্মকর্তা

তবে খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, তিনি বিষয়টি শুনেছেন। খোঁজখবর নেবেন।

পিঁপড়ার ডিম সংগ্রহ করে পরিবার চালানোর বিষয়টি আজব উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য পিঁপড়ার প্রয়োজন আছে। নির্বিচারে পিঁপড়ার বাসা, ডিম বা পিঁপড়া ধংস করা যাবে না। এই ধরনের পেশা থেকে স্থানীয়দের বিরত থাকার পরামর্শ দেন তিনি।

/এনএআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী