কুমিল্লা নগরীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে।
সোহরাব হোসেন বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে। তিনি বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও কুমিল্লা জজ আদালতের আইনজীবী।
সোহরাবের বন্ধু আবুল কালাম বলেন, দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসে সোহরাব। নগরীর ঝাউতলার একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যায়। সেখানে স্ত্রীকে রোগ নির্ণয়ের জন্য রেখে নিচে আসলে সড়কে জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, ‘গত মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হন সোহরাব। তার অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণে কুমিল্লায় অপরিকল্পিত নগরায়ন হয়েছে। যে কারণে অল্প বৃষ্টিতে ডুবে যায় শহর। আজ আমাদের একজন সহযোদ্ধাকে হারালাম। সোহরাব দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার অভাব অপূরণীয়। আমরা সোহরাবের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।’







