চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় পণ্ড হয়ে গেছে বিএনপির মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ। শনিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় আশরাফুল উলুম নুরানী মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন করা হয়। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অনুযায়ী শনিবার ৬নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ চলাকালে ইউনিয়ন যুবদলের সদস্য জামশেদের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত লোক লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করে। তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে।
তিনি বলেন, হামলায় আহত হন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য জেবাউল হক, জয়নাল আবেদীন, এমদাদ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সদস্য এহছানুল হক তামিম, উপজেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মেহেদী, পারভেজ, পারভেজ (জুনিয়র)। মীরসরাইয়ে বিএনপির যেকোনও অনুষ্ঠান করতে হলে ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের ছবি বাধ্যতামূলক রাখতে হবে বলে জানায় জামশেদ। তা না হলে ভবিষ্যতে কোনও অনুষ্ঠান করা যাবে না। এটি বলতে বলতে তারা অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর ও উপস্থিত নেতাকর্মীদের মারধর করেন। সমাবেশে হামলার বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনকে জানানো হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, দুর্গাপুর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশে হামলার বিষয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন আমাকে মোবাইলে জানিয়েছেন। তবে প্রোগ্রাম আয়োজনের আগে জানালে ভালো হতো। ঘটনার সত্যতা যাচাই করে জানতে পারি; সমাবেশে দলের দুর্দিনের অনেক নেতাকর্মীকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছে। ব্যানারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের ছবি না থাকায় হামলা ও সমাবেশটি পণ্ড করার বিষয়টি সঠিক নয়।
প্রসঙ্গত, মীরসরাই উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দুটি গ্রুপে বিভক্ত। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী একটি গ্রুপের এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন।








