ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর আখাউড়া স্থলবন্দর সংলগ্ন সীমান্ত হোটেলে একটি কক্ষ ভাড়া নেন তপন। মঙ্গলবার সকালে হোটেলের ম্যানেজার সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। সীমান্ত আবাসিক হোটেলটি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়ার। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। নিহতের পরিবারকে আমরা খবর দিয়েছি, তারা লাশ নেওয়ার জন্য আখাউড়ার উদ্দেশে রওনা হয়েছেন।’









