কুমিল্লার দেবিদ্বারে গত বছরের ৫ আগস্ট আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ আব্দুস সামাদ দীর্ঘ সাত মাস পর হার্ট অ্যাটাকে মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টায় ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে তিনি মারা যান।
নিহত সামাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে। তিনি ধামতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য।
জাতীয় নাগরিক কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ জানান, গত বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এ সময় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। সাত মাস হাসপাতালে আর বাড়িতে মিলিয়ে ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বছরের ৫ আগস্ট পায়ের উরুতে গুলিবিদ্ধ হন। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান, ইতিমধ্যে তিনি সম্প্রতি দেবিদ্বার ইউএনওর কার্যালয়ে এসে মামলার সাক্ষ্য দিয়ে গেছে। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুনেছি হার্ট অ্যাটাকে মারা গেছেন।









