খাগড়াছড়ি সদরের অপর্ণা চৌধুরী পাড়া হতে শনিবার (৮ মার্চ) বিকালে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি পরিকল্পিত হত্যার শিকার নাকি আত্মহত্যা করেছে সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা।
শিশুটি জেলার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকার থৈঅংগ্য মারমার ছেলে থৈঅং প্রু মারমা (১২)।
পুলিশ জানায়, থৈঅংপ্রু মারমা অপর্না চৌধুরী পাড়ার অংসা মারমার বাসায় কাজ করতো।
অংসা মারমার স্ত্রী মাসিনু মারমা বাজার হতে বাসায় গিয়ে গেট খোলার জন্য ডাকলে কেউ গেট না খোলায় পার্শ্ববর্তী দোকানদার মঞ্জুকে ডাকলে দেয়ালের ওপর দিয়ে বাসার ভেতর ঢুকে শিশুটিকে বালির ওপর মৃত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে মাসিনু মারমা বিষয়টি ভিকটিমের পিতাকে জানান।
সংবাদ পেয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা সদর হাসপাতাল খাগড়াছড়িতে পাঠান। মৃতের গায়ে কোনও প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ দিয়ে লালা বের হচ্ছিলো বলে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অংসা মারমা ও তার পরিবারের সবাই গোয়েন্দা নজরদারিতে আছে মর্মে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।








