সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে পদোন্নতি পাওয়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব চট্টগ্রামের নূরুন্নাহার চৌধুরীর বিরুদ্ধে দাফতরিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী। তাদের অভিযোগ, তার নেতৃত্বে দফতরে স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে নীতিনির্ধারণী ও দৈনন্দিন প্রশাসনিক কর্মকাণ্ডে।
নূরুন্নাহার চৌধুরী চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বাসিন্দা। তবে অভিযোগকারী কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ করতে চাননি। তাদের দাবি, দফতরের কাজে কোনও ভুলত্রুটি বা মতভিন্নতার ক্ষেত্রেও কঠোর আচরণ, বদলি এবং চাকরি হারানোর হুমকি দেওয়া হচ্ছে। ফলে কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অযথা বিলম্ব হচ্ছে, যা মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে স্থবিরতা তৈরি করছে।
এ ছাড়া নূরুন্নাহারের পদোন্নতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। দুজন কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে সচিব পদে পদোন্নতি পেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।
দুজন কর্মকর্তা জানিয়েছেন, সাবেক উপদেষ্টা ফয়জুল কবীর এবং আলী ইমাম মজুমদারের নাম উল্লেখ করে কিছু কর্মকর্তা দাবি করেছেন, তাদের হস্তক্ষেপে নূরুন্নাহার সচিব পদে উন্নীত হন। একই সময়ে তার স্বামী জিয়াউল হকও সচিব পদে পদোন্নতি পান এবং পৃথক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পান।
তবে প্রশাসনের একটি অংশ বলছে, সচিব পদে পদোন্নতি ও পদায়ন সরকারি বিধি-বিধান মেনেই সম্পন্ন হয়েছে এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগ প্রায়ই ওঠে, যা সবসময় সত্য নাও হতে পারে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের ভেতরে চলমান এ অসন্তোষ নিরসনে কার্যকর তদন্ত ও স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। অন্যথায় প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা আরও প্রকট হতে পারে।
এসব অভিযোগের বিষয়ে জানতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরীকে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি। তার মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও কোনও বক্তব্য পাওয়া যায়নি।









