চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ভাতার বিষয়ে কথা বলতে সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মাছবাহী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেরই মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া কালাপির শাহ জামে মসজিদের ইমাম মো. জয়নাল আবেদীন (৩৮) ও মুয়াজ্জিন জহির উদ্দিন (৫০)।
রবিবার (২ আগস্ট) বেলা দেড়টার দিকে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরোনো সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জয়নাল আবেদীন উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরৎ বাংলা বাজার এলাকার মো. আবদুস সালামের ছেলে। আর মুয়াজ্জিন জহির উদ্দিন মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের উকিল টোলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের আমন্ত্রণে বারইয়ারহাট এলাকায় যাচ্ছিলেন জয়নাল আবেদীন ও জহির উদ্দিন। জয়নাল আবেদীন মোটরসাইকেল চালাচ্ছিলেন। তারা চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাফায়াত হোসেন বলেন, ‘রবিবার বেলা ২টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুজনেরই মাথায় গুরুতর আঘাত ছিল।’
মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া কালাপির শাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ অহিদুল ইসলাম বলেন, ‘জয়নাল আবেদীন মাত্র এক মাস আগে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আর জহির উদ্দিন ২০০১ সাল থেকে মসজিদটির মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। ইমাম ও মোয়াজ্জিন ভাতা নিয়ে আলোচনার জন্য এমপির সঙ্গে দেখা করতে বারইয়ারহাট এলাকায় যাচ্ছিলেন। পথে তাদের মৃত্যু হয়েছে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘মাছবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাদের লাশ হেফাজতে নেয়। দুর্ঘটনার পর পিকআপচালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পলাতক চালক ও পিকআপটি জব্দ করতে অভিযান চলছে।’
সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘রবিবার দুপুরে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ১৫ জন করে ইমাম ও মোয়াজ্জিনকে ভাতার আওতায় আনতে কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। নিহত জয়নাল আবেদীন ও জহির উদ্দিনও সেখানে আসার জন্য রওনা হয়েছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের শোকাহত করেছে। তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে সহযোগিতার ব্যবস্থা করা হবে।’








