লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) উপজেলার কেরোয়া ইউনিয়নের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বর পক্ষের মেহমান বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় মাংস কম দেওয়া নিয়ে কয়েকজন অতিথির মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে নারীসহ ৫ জন আহত হন।
রায়পুর থানার ওসি নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।









