কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় নৌকায় বজ্রপাতের ঘটনায় হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন সেন্টমার্টিনের বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন। আহত পাঁচজন হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারাও একই এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে উত্তর লম্বরী নৌকাঘাট থেকে ছয়জন মাছ ধরতে সাগরে যান। রাত ১টার দিকে তারা সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত নৌকায় আঘাত হানলে হোসেন গুরুতর আহত হন। এ সময় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আহত হননি বলে দাবি করেন তিনি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত এক জেলেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।