ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা এবং আরও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। এ মামলায় অপর আসামি ব্যাংকটির অপারেশন ম্যানেজার এমরান আহম্মেদকে বেকসুর খালাস দেন।
রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা, ৪২০ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। ফলে তার মোট কারাদণ্ড হয়েছে ২০ বছর।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
জরিমানার টাকা অনাদায়ে প্রতিটি ধারায় আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে ৪০৯ ধারায় ধার্য করা জরিমানার অর্থ আদায় হলে তা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত ও বিচার চলাকালে আসামি যে সময় কারাগারে ছিলেন, তা মূল সাজা থেকে বাদ যাবে।
দণ্ডপ্রাপ্ত রিফাতুল হক ঢাকার যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার বাসিন্দা। তার বাবা মৃত মাহফুজুল হক। তিনি ঢাকা ব্যাংকের বংশাল শাখায় সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়।
এ বিষয়ে ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই টাকা সরিয়ে আত্মসাতের কথা স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবে ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো।
এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও শাখার তৎকালীন এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়।
পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২২ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।