ইউপি নির্বাচন শুরু হলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৪:৩৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৪:৩৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতা নিয়ে ভোট সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কারণ সবাই তখন এনগেজ হয়ে যাবে। মানুষ ভোটমুখী হবে। আর আমরা রাজনৈতিক দলের সাথে বসবো। আমরা সবার সহযোগিতা চাইবো। সবাই মিলে চেষ্টা করলে আমরা কাজটা করতে পারবো।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কেন্দ্রিক যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো থেকে মুক্তি চান বলে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, তখন অন্তত ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরো অস্বস্তি বোধ করি। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।

তিনি বলেন, এনআইডি-কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই।এনআইডি-সংক্রান্ত কোনো ধরনের হয়রানি ও দুর্নীতি থাকবে না—এমন একটি পরিবেশ তৈরি করতে চাই। কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করা সম্ভব, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায়, কোনো ধরনের হয়রানির শিকার না হয়।

নাগরিকদের আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে, তার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।

তিনি বলেন, কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তার আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না—এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তার আবেদনের কী অবস্থা।

তিনি আরও বলেন, এনআইডি-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে অনেক সময় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা যায়। কারও জন্মনিবন্ধন ঠিক নেই, কারও শিক্ষাগত সনদে সমস্যা—এ ধরনের নানা অজুহাত সামনে আসে। কিন্তু এভাবে দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারবো না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।

সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিক প্রযুক্তি সম্পর্কে সমানভাবে সচেতন নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষদের পক্ষে অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করার মতো কাজ সহজ নয়। তাই তাদের সক্ষমতা বিবেচনায় রেখেই সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন,নাগরিকদের সঠিক তথ্য দিয়ে আবেদন করার বিষয়ে সচেতন করতে হবে। কী কী কাগজপত্র প্রয়োজন, কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো যেতে পারে।

এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি একজন নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে তার পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের বিষয়ও বিবেচনায় নিয়ে সমাধান বের করতে হবে।

স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থার বিষয়েও কর্মশালায় পরামর্শ চান সিইসি।

তিনি বলেন, আমরা হয়তো সবাইকে স্মার্ট কার্ড দিতে পারবো না। কিন্তু একজন মানুষকে শুধু ডাউনলোড করে নিতে বললেই হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড কী, সেটাই বোঝেন না। তাদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে।

এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।

সিইসি বলেন, নাগরিকদের সেবা নিশ্চিত করতে চাই। এনআইডি-কেন্দ্রিক কোনো হয়রানি থাকবে না, দুর্নীতির মধ্যে কাউকে যেতে হবে না—এটাই আমার প্রত্যাশা। এ ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছ থেকে সমাধান চাই।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
নাশকতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও, সংঘাতের শঙ্কা
যৌথ বাহিনীর টহল জোরদার, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
সর্বশেষ খবর
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ফেডারেশনের দুই নেতা গ্রেফতার
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ফেডারেশনের দুই নেতা গ্রেফতার
আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা
আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা
মেহেরপুরে রাতের আঁধারে ৬ বোমাসদৃশ বস্তু ফেলে গেলো কারা?
মেহেরপুরে রাতের আঁধারে ৬ বোমাসদৃশ বস্তু ফেলে গেলো কারা?
জয় দিয়েই যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন পচেত্তিনো
জয় দিয়েই যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন পচেত্তিনো
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক