অপ্রতিম হত্যা: বিচার শুরু হচ্ছে দুই আদালতে: কী আছে পুলিশের চার্জশিটে

কুবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ২০:০৩ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০:০৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। তবে বয়স বিবেচনায় দুই অপ্রাপ্তবয়স্ক ও দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে আলাদা দুটি আদালতে।

শনিবার (২১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল ২৯ নভেম্বর অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালত গ্রহণ করেছেন। চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।’

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, ‘আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ থেকে মামলার বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠন করা হবে বলে আমাকে জানানো হয়েছে। আমি আগামীকাল সেখানে যাবো।’

যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম

পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

তদন্তে উঠে আসে হত্যার কারণ

পুলিশের তদন্ত অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।

চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল।

/এএম/ 
সম্পর্কিত
‌‘আমার সব শেষ হয়ে গেলো, এখন কাকে নিয়ে থাকবো’
সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন সৃজনী তানিয়া
ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন সৃজনী তানিয়া
মেট্রোরেল লাইনের আশপাশের ভবনমালিকদের সতর্কতা, নেওয়া হচ্ছে লিখিত অঙ্গীকারনামাও
মেট্রোরেল লাইনের আশপাশের ভবনমালিকদের সতর্কতা, নেওয়া হচ্ছে লিখিত অঙ্গীকারনামাও
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ