সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কল্পনা আক্তার (২৩) নামে এক নারী পোশাক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে বখাটে যুবক। বৃহস্পতিবার বেলা ১১টায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া মহল্লায় প্রকাশ্যে ওই নারী কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করে বখাটে লেল্টু মোল্লা। এ ঘটনার পর এলাকাবাসী লেল্টু মোল্লাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে নড়াইলের কালিয়া গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় কল্পনা আক্তার তার স্বামী আব্দুর রাজ্জাকের সঙ্গে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় এ্যাপারেলস ফোর নামের একটি পোশাক কারখানার কোয়ালিটি ইনচার্জ হিসেবে কাজ করতেন। বেশ কয়েকদিন যাবৎ একই এলাকার লেল্টু মোল্লা তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু কল্পনা আক্তার তার প্রস্তাব প্রত্যাখান করেন। এরই জেরে বুধবার বিকালে কারখানা থেকে ফেরার পথে বখাটে লেল্টু তার গতিরোধ করে। এ সময় লেল্টু আবারও প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় সে উত্তেজিত হয়ে নারী পোশাক কর্মকর্তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।
নারী পোশাক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, আটককৃত যুবক লেল্টু মোল্লা জানায়, দুই বছর আগে হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় সে ও ওই নারী একসঙ্গে কাজ করতো। এরই সুবাদে তাদের পরিচয় হয়। সে প্রায়ই ওই নারীর বাসায় যাতায়াত করতো। আবার মাঝে মধ্যে কল্পনার পরিবারের লোকজন তাকে মারধরও করেছে। এসব কারণে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বুধবার আবারও প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত বখাটে যুবককে আটক করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
রাজশাহীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে
/বিটি/






