আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান প্রসঙ্গে বলেছেন, ‘সার্চ কমিটি নিয়ে দাবি দাওয়ার কিছু নেই। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সার্চ কমিটি গঠন করে পাঠিয়েছেন। সাংবিধানিক ভাবেই নির্বাচন কমিশন গঠন করা হবে। এ সংবিধানের অধীনেই ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত নির্বাচনে না এসে বিএনপি লাল কার্ড খেয়ে ছিটকে পড়েছে। আগামী নির্বাচনে না আসলে তাদের অস্তিস্ত থাকবে না।’
বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ পৌর ভবনের সামনে গোপালগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গোপালগঞ্জ পৌর সভার মেয়র কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শেখ ফজলুল করিম সেলিমের বড় ছেলে শেখ ফজলে ফাহিম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, কাউন্সিলর আতিকুর রহমান পিটুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা বিশ্বের ৫ টি শীর্ষ সম্ভাবনাময় দেশের মধ্যে একটি। আমাদের ডিজিপি ৭ দশমিক ২। আমাদের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের এ সাফল্যের ম্যাজিক পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা জানতে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী উত্তরে বলেন, দেশপ্রেম, জনগণ ও ভালবাসা। এ সম্ভাবনা ও ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ সালের মধ্যেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবো।’
/এফএস/
আরও পড়ুন-
পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা প্রশ্ন অর্থমন্ত্রীর








