বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জঙ্গি হামলা প্রতিরোধে দেশের বিদ্যুৎ স্টেশনগুলোতে পর্যাপ্ত সিকিউরিটি রয়েছে। গত বছর থেকে আমরা বিদেশি সিকিউরিটি কনসালটেন্ট হায়ার করেছি। ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি অন্য বিষয়গুলোরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের বড় বড় প্রকল্প পায়রা, মাতারবাড়ী, রামপাল ছাড়াও অন্যান্য প্রকল্পগুলোতেও পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা সদর মাঠে অনুষ্ঠিত হাজী আবুল হোসেন ইন্সটিটিউটের হ্যাবিট ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ব্যাপারে আমরা প্রাইজ সমন্বয় করার জন্য বাংলাদেশ রেগুলেটরি কমিশনকে দায়িত্ব দিয়েছি। তারা পাবলিক হেয়ারিং করবে- তারা কী পরিমাণ প্রাইজ অ্যাডজাস্টমেন্ট চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘আমরা গ্যাসের আবাসিক সংযোগ বিষয়ে নিরুৎসাহিত করছি। এটা মোটামুটি বন্ধই করে দিয়েছি। এলপি গ্যাস সারা দেশেই পাওয়া যাচ্ছে। গ্যাস মহামূল্যবান, তাই এই গ্যাস শিল্প-কারখানায় দিলে পণ্যের উৎপাদন কয়েক গুণ বেড়ে যায়। ব্যাপক কর্মসংস্থানেরও সৃষ্টি হয়।’
পরে মন্ত্রী হ্যাবিট ইয়ুথ ফেস্টিভ্যাল ও বিজ্ঞান মেলা উদ্বোধন করেন।
টাঙ্গাইল সদর আসনের এমপি ও হাজী আবুল হোসেন ট্রাস্টের চেয়ারম্যান ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নুরুন্নবী চৌধুরী এমপি, নাইমুর রহমান দুর্জয় এমপি, নাহিম রাজ্জাক এমপি, আলী আজম মুকুল এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, হাছান ইমাম খান সোহেল হাজারি এমপি, অনুপম শাহজাহান জয় এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে হাজী আবুল হোসেন ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
/বিএল/
আরও পড়ুন:
বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনও সুযোগ নেই: মাহবুব-উল-আলম হানিফ






