প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ধামাকা শপিং ডটকম’র সিওও (চিফ অপারেটিং অফিসার) সিরাজুল ইসলাম রানা ও ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে জানান, এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় ‘ধামাকা শপিং ডটকম’র চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন শামীম খান নামে এক ব্যবসায়ী। তিনি টঙ্গী পশ্চিম থানার উত্তর (আউচপাড়া) এলাকার বাসিন্দা এবং পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী।
আসামিরা হলেন—ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী, ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসিম উদ্দিন চিশতী, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয়, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা, হিসাব বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক সাফোয়ান আহমেদ, প্রধান ব্যবসা কর্মকর্তা ডি এম ডি দেবকর দে শুভ, নাজিম উদ্দিন আসিফ (২৮), উপ-ব্যবস্থাপক আমিরুল হোসাইন, আসিফ চিশতী ও সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান।
আরও পড়ুন-
১১ লাখ টাকার অর্ডার নিয়ে প্রতারণা, ধামাকার ১১ জনের বিরুদ্ধে মামলা









