গাজীপুরে মোবাইলফোন কোম্পানি অপ্পোর বিক্রয়কর্মী মেহেদী হাসান তুহিনকে (২৪) গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার মজলিশপুর কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। মেহেদী কোনাবাড়ির রুনু সুপার মার্কেটের লোটাস টেলিকম শো-রুমে ‘অপ্পো’ মোবাইলফোন কোম্পানির বিক্রয়কর্মী (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে চাকরি করতেন। শুক্রবার (১২ নভেম্বর) রাতে মহানগরীর নাওজোর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে প্রতিদিনের মতো কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন মেহেদী। পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে খুন করেন। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত এমন কোনও তথ্য দিতে পারেননি স্বজনরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মালেক খসরু খান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাওজোর এলাকার চাঁদপুর নিউ হোটেলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেহেদীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।









