মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) বিকালে ইউনিয়নের ঝিটকা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসানের নির্বাচনি ক্যাম্প পোড়ানোর অভিযোগ ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি গালা ইউনিয়নে নির্বাচন হয়। ২ জানুয়ারি রাতে নৌকার প্রার্থী রাজিবুল হাসানের নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় নৌকার প্রার্থী বাদী হয়ে ৩ জানুয়ারি শফিক বিশ্বাসসহ ৫০ জনকে আসামি করে মামলা করেন। নির্বাচনের আগেই এই মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর রহমান জানান, সুনির্দিষ্ট মামলার অভিযোগে চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।








