টাঙ্গাইলের নাগরপুরে নবজাতককে হত্যার ঘটনায় মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নাগরপুর থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন।
গ্রেফতার দুজন হলেন, উপজেলার বেকড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ছনির মোল্লার স্ত্রী হাফিজা (৩৮) ও মেয়ে সোনিয়া (১৮)।
ওসি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধারের পর সোনিয়াসহ তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মা-মেয়ে নবজাতক হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। পরে তাদের গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, সোনিয়া গত শনিবার রাত সাড়ে ১০টায় পেটব্যথা নিয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভোরে সোনিয়া ও তার মা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে দীর্ঘ সময় অবস্থান করেন। এ সময় সোনিয়া একটি কন্যাসন্তান জন্ম দেন। রবিবার সকালে নিয়মিত রোগী পরিদর্শন শেষে ডা. কাজল পোদ্দার তাকে ছাড়পত্র দেন। এরপর হাসপাতালের ড্রেনে এক নবজাতকের লাশ পাওয়া যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।









