টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন লেগেছে। রবিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠানটির টাঙ্গাইল শাখার সামনে এই ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানে থাকা বিভিন্ন গ্রাহকের প্রায় ৭০ শতাংশ মালামাল পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন কুরিয়ার সাভির্সের টাঙ্গাইল শাখার ম্যানেজার কামাল উদ্দিন বলেন, ‘ঢাকার কেরানীগঞ্জ সুন্দরবন কার্যালয় থেকে শনিবার (১৫ অক্টোবর) রাতে কাভার্ডভ্যানে গ্রাহকদের মালামাল লোড করা হয়। এরপর সকাল ৭টা ৪৯ মিনিটে প্রতিষ্ঠানটির টাঙ্গাইল শাখা কার্যালয়ের সামনে পৌঁছায়। সকাল ৮টা ১০ মিনিটের দিকে মালামাল নামানোর জন্য গাড়ির দরজা খুলতেই কালো ধোঁয়া বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গাড়িতে থাকা টাঙ্গাইল সদরসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ মালামাল পুড়ে গেছে।’
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিছ বলের, ‘সকাল ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওভার হিটের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’









