গাজীপুরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে থাকা দুই সন্তানের জনক আব্দুল খালেককে (৪৪) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাঝর এলাকার মৃত কামালের ছেলে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার কে এস সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বাসন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে চান্দনা চৌরাস্তার স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ওই মার্কেটের সামনে সড়কের ওপর এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পেটের ডান পাশে ও বাম হাতের কনুইয়ের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে এলাকায় চলাফেরা করতেন এবং বিভিন্ন কৌশলে টাকা-পয়সা ওঠাতেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।









