পদ্মায় মাছের আকাল ও নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা 

মইনুল হক মৃধা, রাজবাড়ী
২৩ মে ২০২৩, ০৮:০১আপডেট : ২৩ মে ২০২৩, ০৮:০১

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর নাব্যতা কমেছে, এখন স্রোত নেই বললেই চলে। সেইসঙ্গে নদীতে জেগেছে চর। ফলে গত মৌসুমে তেমন মাছের দেখা পাননি জেলেরা। এরই মধ্যে শুরু হয়েছে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এ অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটছে জেলেদের। 

তারা বলছেন, পদ্মায় ডুবোচরের কারণে নাব্যতা সংকট দেখা দিয়েছে। মাঝেমধ্যে জেগেছে চর। আগের মতো মাছ পাওয়া যায় না। মাছ না পাওয়ায় গত কয়েক সপ্তাহে জাল নিয়ে শূন্যহাতে বাড়ি ফিরেছেন। ফলে এবার নিষেধাজ্ঞার সময়ে কষ্টে দিনাতিপাত করতে হবে তাদের।

কয়েকজন জেলের অভিযোগ, জেলে নিবন্ধন তালিকা থেকে বাদ পড়েছেন একাধিক প্রকৃত জেলে। ফলে নিষেধাজ্ঞার সময়ে তাদের দুর্ভোগে পড়তে হবে।

তবে মৎস্য কর্মকর্তারা বলেছেন, প্রকৃত জেলেদের নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। বাদ পড়া কেউ আবেদন করলে অন্তর্ভুক্ত করা হবে।

গত মৌসুমে তেমন মাছের দেখা পাননি জেলেরা

সোমবার (২২ মে) সরেজমিনে গোয়ালন্দ ঘাট এলাকায় দেখা গেছে, কিছু কিছু স্থানে পদ্মা নদী শুকিয়ে গেছে। মাঝ নদীতে জেগে উঠেছে চর। জেলেদের নদীর পাড়ে অলস সময় কাটাতে দেখা গেছে। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে ছেঁড়া-ফাটা জাল মেরামত করছেন। কেউবা জাল গুটিয়ে খামাল (স্তূপ) দিয়ে রাখছেন। আবার কেউ নৌকা সংস্কার করছেন।

দৌলতদিয়া ঘাটের ছাত্তার মেম্বার পাড়ার কয়েকজন জেলে জানিয়েছেন, পদ্মার মিঠা পানির ইলিশ সবার প্রিয়। একসময় জাল ফেললে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যেতো এসব মাছ। কিন্তু এখন নদী যেমন ছোট হয়ে আসছে, তেমনি চর পড়েছে, আবার শুকিয়ে যাচ্ছে। এতে কমে গেছে ইলিশ। নদীর গভীরতা না থাকায় আগের মতো ইলিশ ধরা পড়ছে না।

জেলেরা জাল গুটিয়ে খামাল (স্তূপ) দিয়ে রাখছেন

এদিকে, সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে গত শুক্রবার (১৯ মে) মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে নদী থেকে জাল উঠিয়ে তীরে ফিরেছেন জেলেরা।

দৌলতদিয়া ঘাটের ছাত্তার মেম্বার পাড়ার জেলে কালিদাস হালদার বলেন, ‘নিষেধাজ্ঞা শুরুর কয়েকদিন আগে থেকে নদীতে প্রতিদিন জাল ফেললেও ইলিশ পাইনি। মাছ না পেলে আড়তদারদের দেনা বাড়ে। নিষেধাজ্ঞার সময় ঘরে বসে থাকতে হয়। এতে ঋণের বোঝা দিন দিন বাড়ছে। তবু ঘরে ফিরেছি শূন্যহাতে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময়ে কীভাবে সংসার চালাবো বুঝতেছি না।’

হরিরামপুর উপজেলার বাল্লা গ্রামের শিব প্রসাদ হালদার পদ্মা নদীতে ২৫ বছর ধরে মাছ শিকার করেন। তিনি বলেন, ‘এ বছর মাছের আকাল। নদীতে গভীরতা নেই। কয়েকদিন আগেও দিনরাত নদীতে জাল ফেলে এক-দেড় কেজি ইলিশ পেয়েছি। তবে এখন বড় ইলিশ এখানে পাওয়া যায় না। এর মধ্যে শুরু হয়েছে নিষেধাজ্ঞা। এই সময়ে ঘরে বসে অলস সময় কাটাতে হবে।’

শুরু হয়েছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা

একই এলাকার জেলে কোরবান শেখ বলেন, ‘জেলে নিবন্ধন তালিকা থেকে আমার মতো প্রকৃত অনেক জেলে বাদ পড়েছেন। ফলে নিষেধাজ্ঞার সময় কষ্টে দিন কাটাতে হবে আমাদের।’

আগের মতো পদ্মায় মাছ পাওয়া যায় না জানিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘আমরা জেলেদের ওপর নির্ভরশীল। তারা যদি মাছ না পায় তাহলে আমরা কীভাবে কিনবো, আর কীভাবে ব্যবসা করবো। তারা যেমন ক্ষতিগ্রস্ত হন, ঠিক তেমনি আমরাও ক্ষতিগ্রস্ত হই।’

নদীতে নাব্যতা সংকটের কথা উল্লেখ করে গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, ‘এখন নদীতে স্রোত নেই। চর পড়ে ভরাট হয়ে গেছে অনেক স্থান। নাব্যতা না থাকায় মাছ কমে যাচ্ছে দিন দিন। এভাবে নদীতে চর পড়তে থাকলে ভবিষ্যতে ইলিশের দেখা মিলবে না। ইলিশ গভীর পানির মাছ। সব ধরনের মাছের চলাচলের জন্য নদীর গভীরতা প্রয়োজন।’

প্রকৃত জেলেদের নিবন্ধন তালিকা থেকে বাদ পড়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কোনও জেলে তালিকা থেকে বাদ পড়লে নতুন করে আবেদন করলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সেইসঙ্গে সরকারি সহায়তা দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম