গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, মধ্যরাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন তারা। এ সময় ওই কাভার্ডভ্যানের চালক পাশের একটি দোকানে চা পান করছিলেন। আগুন দেখে চালক দ্রুত গাড়ির কাছে এসে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভান। ততক্ষণে কাভার্ডভ্যানের সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ভ্যানটিতে কারা আগুন দিয়েছেন তা জানাতে পারেননি চালক। ধারণা করছেন, পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, কাভার্ডভ্যানে আগুন দেওয়ার খবর জানা নেই। তবে এ প্রতিনিধির কাছে ফোন পেয়ে তিনি খোঁজ নেবেন বলে জানান।








