গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পিকক গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়ক অবরোধ করেছেন। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাওনা-শ্রীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। এখানে প্রায় ৫০০ শ্রমিক কর্মরত রয়েছেন।
পিকক গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার প্রিন্টিং অপারেটর রিয়াদ, হিরন এবং রাজ জানান, তাদের জুন, জুলাই এবং আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। এর আগে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের একাধিক দিন নির্ধারণ করলেও পরিশোধ করেনি। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে বকেয়া পরিশোধের কথা বললে কর্তৃপক্ষের কর্মকর্তারা পরে দেবেন বলে জানান। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা কারখানার পাশে মাওনা-শ্রীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর বকেয়া পরিশোধের দিন নির্ধারিত হওয়ায় দুপুর ১২টায় কাজে যোগ দেন।
কারখানার উৎপাদন ব্যবস্থাপক এস এম মোনিম রুমি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুন এবং জুলাই মাসের বকেয়া বেতন ২৯ আগস্ট এবং আগস্ট মাসের বেতন সেপ্টেম্বর মাসের ১০ অথবা ১৫ তারিখে পরিশোধের আশ্বাস দিয়েছেন মালিকপক্ষ। আশ্বাস পেয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুন নূর বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মাওনা-শ্রীপুর সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধান হওয়ায় অবরোধ তুলে নেন তারা।’
অপরদিকে, বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকায় হংকং সাংহাই মানজালা টেক্সটাইল মিলসের অন্তত ৩০০ শ্রমিক বেলা ১১টায় কারখানার সামনে বিক্ষোভ করেছেন।
শ্রমিকরা জানিয়েছেন, গত আট মাস ধরে তাদের কারখানা বন্ধ আছে, তা খুলে দিতে হবে। বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। পরে গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এনামুল হক মনি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে এক ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকরা।








