গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি এবং তার স্ত্রী গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি আহত এবং কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজারসংলগ্ন এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে দলের আহত ও নিহত নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করা হয় এবং এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টুঙ্গিপাড়া উপজেলা শাখা ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে অনুষ্ঠিত এক পথসভা শেষে নিজ গ্রাম টুঙ্গিপাড়ায় বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য রওনা হন। বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে জিলানির সঙ্গে থাকা লোকজন বঙ্গবন্ধু শেখ হাসিনা ও শেখ সেলিমের ছবিসহ ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বাধে। একপর্যায়ে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা করে এলাকাবাসী। এতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিসহ কেন্দ্রীয় ও গোপালগঞ্জের উভয়পক্ষের বেশ কিছু নেতাকর্মী গুরুতর আহত হন। এ সময় নিহত হন কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার।








