নাসীরুদ্দীন আসার আগেই এনসিপির অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর ও হামলা

রূপগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ১৭:২৭আপডেট : ০৬ জুন ২০২৬, ১৭:২৭

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে নির্মিত মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ও শনিবার (৬ জুন) বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দফায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার অনুষ্ঠিতব্য ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। এ উপলক্ষে কয়েকদিন ধরেই কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছিল।

অভিযোগ রয়েছে, শুক্রবার রাত প্রায় ৮টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রের মহড়া দেয় এবং নির্মাণাধীন মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। আকস্মিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের সহযোগিতায় পুনরায় অনুষ্ঠানস্থল প্রস্তুত করার কাজ শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।

কিন্তু শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আবারও প্রায় ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলে করে একদল ঘটনাস্থলে আসে বলে অভিযোগ ওঠে। তারা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে মঞ্চে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। মঞ্চের সামনে রাখা চেয়ার-টেবিল ভেঙে ফেলার পাশাপাশি প্যান্ডেলও খুলে ফেলে। এ সময় উপস্থিত লোকজন ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

এনসিপির দাবি, হামলায় রূপগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন। তবে সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের একটি অংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদলের কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে এ হামলা ও ভাঙচুর চালিয়েছে। তারা দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা প্রকাশ্যে তাণ্ডব চালিয়েছে এবং নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক সহনশীলতার পরিপন্থি এবং গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

তবে অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ দাবি করেন, এ ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তারা বিএনপির কেউ নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মেহেদী ইসলাম বলেন, এনসিপির একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আয়োজকরা নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
ককরোচ জনতা পার্টির আন্দোলনে এনসিপির যুবশক্তির সংহতি
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত