কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও গ্রামের তেরকোণা হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চংনোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকারম হোসেন (৩৫) ও ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোকারম ও শাহ আলম মাছ ধরতে তেরকোণা হাওরে যান। সাড়ে ৭টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যুবরণ করেন।
বজ্রপাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, সকালে হাওরে মাছ ধরার সময় বজ্রপাত হলে তারা আহত হন। পরে তাদের মৃত্যু হয়।









