ব্যাংক গ্রাহকদের কয়েক কোটি টাকা উধাও, পলাতক কর্মকর্তা আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকার মিরপুর-১-এর পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শ্রীনগর থানার পুলিশের যৌথ দল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান। তিনি বলেন, শরিফুজ্জামান মিরপুর-১ এলাকায় তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে মুন্সীগঞ্জে আনা হয়েছে। আজ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

শরিফুজ্জামান সোহাগ শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকের জমা স্লিপ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক সরফুদ্দিন। পরে পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ২৫৫ জন গ্রাহক লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে রবিবার ১৮৪, সোমবার ৪৬ ও মঙ্গলবার ২৫ জন অভিযোগ করেন। এসব অভিযোগে সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পাওনা দাবি করা হয়েছে। অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আত্মসাৎ হওয়া অর্থের পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার শাখাগুলোর দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমরা একজনকে অভিযুক্ত করে জিডি করেছি। একই সঙ্গে আত্মসাতের ঘটনায় ব্যাংকের আরও কেউ জড়িত কি না এবং অর্থের প্রকৃত পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।’

গত শুক্রবার এ বিষয়ে ব্যাংক থেকে একটি জিডি দুদকের কাছে পাঠানো হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা উপপরিচালক ইসমাঈল হোসেন। তিনি বলেন, জিডিটি রবিবার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কমিশন পরবর্তী অনুসন্ধান বা তদন্তের বিষয়ে যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী কাজ করা হবে। এরপরই প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে। এখনও এ বিষয়ে মামলা হয়নি। তাই শরিফুজ্জামানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হবে।

/এফআর/
সম্পর্কিত
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
২৭৫০টি ইয়াবা পাওয়া সেই তিন জনের যাবজ্জীবন
চাঁদা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজারের বাড়িতে গুলি
সর্বশেষ খবর
থাই বিশেষজ্ঞদের সহায়তায় ওয়েলনেস খাত এগিয়ে নিতে জেনেসেন-রিজুভা অংশীদারত্ব
থাই বিশেষজ্ঞদের সহায়তায় ওয়েলনেস খাত এগিয়ে নিতে জেনেসেন-রিজুভা অংশীদারত্ব
বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষিকাকে বদলির পরামর্শ
বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষিকাকে বদলির পরামর্শ
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি