বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন

ফয়সল আবদুল্লাহ
১৫ নভেম্বর ২০২৬, ১৭:০৮ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:০৮

আন্তঃগ্রহ অভিযানগুলোর মধ্যে অন্যতম প্রকল্প ‘থিয়ানওয়েন-৪’ বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন। লক্ষ্য বৃহস্পতি গ্রহ ও এর উপগ্রহগুলো অনুসন্ধান করা।

২০২৯ সালের দিকে হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ-৫’ রকেটে থিয়ানওয়েন-৪ মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।

শুক্রবার চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানায়, এই অভিযানে পাঠানো হবে একটি স্বয়ংক্রিয় মহাকাশযান। এটি বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরবে এবং গ্রহটির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ ক্যালিস্টোতে অবতরণ করে কাছ থেকে তথ্য সংগ্রহ করবে।

প্রায় ২৯০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০৩০ সালের এপ্রিলে বৃহস্পতিতে  পৌঁছানোর কথা রয়েছে মহাকাশযানটির।

এই লক্ষ্য বাস্তবায়নে মহাকাশযানে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরির প্রস্তাব আহ্বান করেছে প্রশাসনের চন্দ্র অনুসন্ধান ও মহাকাশ প্রকৌশল কেন্দ্র। শুক্রবার থেকে এ বিষয়ে গবেষণা ও উন্নয়ন প্রস্তাব জমা নেওয়া শুরু হয়েছে।

কেন্দ্রটি জানিয়েছে, থিয়ানওয়েন-৪ মহাকাশযানের কক্ষপথে ঘোরার অংশ এবং অবতরণযানে মোট ১২টি বৈজ্ঞানিক যন্ত্র থাকবে।

কক্ষপথে ঘোরার অংশে থাকবে ১০টি বৈজ্ঞানিক যন্ত্র। এগুলো মূলত দুটি বিষয়ে গবেষণার কাজে ব্যবহার করা হবে।

প্রথমত, মহাকাশের পরিবেশ পর্যবেক্ষণে থাকবে চৌম্বকক্ষেত্র ও তরঙ্গ শনাক্তকারী যন্ত্র, কণিকা বিশ্লেষক, কোমল এক্স-রে বর্ণালিবীক্ষণ যন্ত্র এবং অতিবেগুনি রশ্মির ছবি ধারণের যন্ত্র। এগুলোর সাহায্যে বৃহস্পতির বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের মেরুজ্যোতি, বিশাল চৌম্বকক্ষেত্রের সঙ্গে সৌরবায়ুর মিথস্ক্রিয়া এবং সৌরকণাগুলো কীভাবে সৌরজগতের বাইরের অংশে ছড়িয়ে পড়ে, তা নিয়ে গবেষণা করা হবে।

দ্বিতীয়ত, দূর থেকে বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহহের জন্য থাকবে ক্যামেরা, লেজার উচ্চতা পরিমাপক, দৃশ্যমান ও অবলোহিত রশ্মির (ইনফ্রারেড) ছবি ধারণকারী বর্ণালিবীক্ষণ যন্ত্র এবং গামা রশ্মি বর্ণালিবীক্ষণ যন্ত্র। এগুলোর সাহায্যে ক্যালিস্টোর ভূমির মানচিত্র তৈরি, পৃষ্ঠের উপাদান বিশ্লেষণ এবং তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করা হবে।

অন্যদিকে, ক্যালিস্টোতে অবতরণকারী যানটিতে থাকবে সরাসরি পরিবেশ ও উপাদান পরীক্ষা করার দুটি যন্ত্র। এর একটি হলো পৃষ্ঠের উপাদান বিশ্লেষক। এটি রামান বর্ণালিবীক্ষণ পদ্ধতি ব্যবহার করে অবতরণের স্থানের বিভিন্ন উপাদান শনাক্ত করবে। অন্যটি হলো পৃষ্ঠের চৌম্বকত্ব পরিমাপক যন্ত্র, যা সরাসরি সেখানে চৌম্বকক্ষেত্রের তথ্য সংগ্রহ করবে।

কক্ষপথ থেকে পাওয়া তথ্যের সঙ্গে এই চৌম্বকত্ব পরিমাপের তথ্য মিলিয়ে ক্যালিস্টোর বায়ুমণ্ডলের ওপরের স্তর বা আয়নমণ্ডল এবং এর অভ্যন্তরের চৌম্বক সংকেত আলাদা করে বোঝা সম্ভব হবে। এর মাধ্যমে উপগ্রহটির অভ্যন্তরীণ গঠন এবং বরফের নিচে কোনো সমুদ্র থাকার সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাবে।

চন্দ্র অনুসন্ধান ও মহাকাশ প্রকৌশল কেন্দ্র জানিয়েছে, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে বিদেশি গবেষণা প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে। চাইলে তারা নিজেদের গবেষণা প্রস্তাবও জমা দিতে পারবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
১৮ কোটির চিত্রকর্মের নিলাম ঘিরে বিতর্ক
ভিন্নমত দমনে কৌশলে ভারত, অনিশ্চয়তায় জেন-জি বিক্ষোভকারী
সর্বশেষ খবর
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ, অনিয়মে কঠোর ব্যবস্থা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ, অনিয়মে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ