রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে মামলার অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। হাইকোর্টের এ রায়ে ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তাদের দাবি, হত্যাকাণ্ডে স্বপ্নারও সহযোগিতা ছিল। তাই তাকেও সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। শিশুটির গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে এ খবর পৌঁছালে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
রায় ঘোষণাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই শিশুটির গ্রামের বাড়িসহ সিরাজদিখান এলাকার মানুষের দৃষ্টি ছিল হাইকোর্টের দিকে। তাদের প্রত্যাশা ছিল, বিচারিক আদালতের মতো উচ্চ আদালতেও দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে। কিন্তু স্বপ্না খাতুনের খালাসের খবর ছড়িয়ে পড়ার পর সেই প্রত্যাশা ভেঙে যায়।
শিশুটির চাচা আজিম মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন নৃশংস হত্যাকাণ্ডে সোহেল রানার পাশাপাশি তার স্ত্রী স্বপ্নাও জড়িত ছিলেন বলে আমরা বিশ্বাস করি। নিম্ন আদালত তথ্য-প্রমাণ যাচাই করেই দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এখন স্বপ্না খালাস পাওয়ায় আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।’
আরেক চাচা আফজাল মোল্লা বলেন, ‘সোহেলের স্ত্রীকে খালাস দেওয়ার রায় আমরা মানি না। হত্যাকাণ্ডের সময় তিনি সোহেলকে সহযোগিতা করেছেন বলে আমরা মনে করি। তাই তারও মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। শুধু রায় ঘোষণা নয়, দ্রুত সোহেলের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছি আমরা।’ এলাকাবাসীও স্বপ্না খাতুনের খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল বিভাগে যাওয়ার দাবি জানিয়েছেন।
কেন খালাস পেলেন স্বপ্না
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আইনের ৯(২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। আর ৩০ ধারায় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তির কথা বলা হয়েছে।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণ, হত্যা ও মরদেহ খণ্ডবিখণ্ড করার কথা স্বীকার করেছেন। তবে এসব অপরাধে স্বপ্না খাতুন তাকে সহযোগিতা করেছেন—এমন কোনও বক্তব্য তার জবানবন্দিতে নেই।
আদালত পর্যবেক্ষণে বলেন, আট বছরের শিশুকে ধর্ষণের ক্ষেত্রে একজন নারী তার স্বামীকে সহযোগিতা করেছেন—এমন অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সোহেল রানার স্বীকারোক্তিতেও ধর্ষণ, হত্যা কিংবা অন্য কোনও নিষ্ঠুর কাজে স্বপ্নার সহযোগিতার কথা উল্লেখ নেই। বরং তিনি স্বপ্নাকে শুধু পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার কথা বলেছেন। ঘটনার সময় স্বপ্না কক্ষের ভেতরে থাকলেও শুধু এ কারণে তাকে ৯(২) ও ৩০ ধারায় অপরাধী সাব্যস্ত করা কঠিন। মূল অপরাধ সংঘটনে তিনি সহযোগিতা করেছেন—রাষ্ট্রপক্ষের এমন বক্তব্যও গ্রহণ করেননি আদালত। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত নষ্ট করার অভিযোগেও স্বপ্নার বিরুদ্ধে পর্যাপ্ত ভিত্তি পাওয়া যায়নি। রাষ্ট্রপক্ষের অভিযোগ কিংবা সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ ধরনের কোনও তথ্য নেই।
এসব বিবেচনায় স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তার ডেথ রেফারেন্স নাকচ এবং করা জেল আপিল মঞ্জুর করা হয়েছে। অন্য কোনও মামলায় আটক না থাকলে তার মুক্তিতে বাধা নেই বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
বহাল সোহেলের মৃত্যুদণ্ড
সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত বলে গ্রহণ করেছেন হাইকোর্ট। সাক্ষ্য, নথি ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে আদালত বলেছেন, ধর্ষণ, হত্যা ও মরদেহ খণ্ডবিখণ্ড করার মতো অপরাধ সোহেল নিজেই করেছেন। অপরাধের সঙ্গে অন্য কাউকে সম্পৃক্ত করার কথা তিনি স্বীকারোক্তিতে বলেননি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অপরাধটি ছিল অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক। ভুক্তভোগী ছিল অসহায় একটি শিশু। সোহেল রানার সাজা কমানোর কোনও কারণ পাওয়া যায়নি। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। এ কারণে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। তার আপিল খারিজ করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান শুনানি করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শিশুটির বাবা।
১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়
চলতি বছরের ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। পরে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেফতার করে। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারিক আদালতের নথি গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়। পরদিন ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক জেল আপিল করেন দুই আসামি। ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।