‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না না, কোনও সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই, মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে।
এ ছাড়া শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। সেখানে তার হাস্যোজ্জ্বল একটি ছবির সঙ্গে লেখা ছিল, একটা মারলে দুইটা মারব! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।—মুফতি আমির হামজা।’
পরে অবশ্য নিজের পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেন তিনি। রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি সরানোর আগে এতে ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন পড়ে। মন্তব্য করেন ১ হাজার ৯০০ জন। শেয়ার হয় ৪৮৩ বার।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাজাহান আলী ও আমির হামজার অভিযোগ, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
এর পরদিন বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সবর-মবর এখন আর নেই, কোনও সবর নেই। সবর-মবর এখন বাদ। না, না, কোনও সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই।
এ সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘সেই কথা তো আমরাও বলি।’ জবাবে আমির হামজা বলেন, ‘মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা...।’
এ বিষয়ে বক্তব্য জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
তবে আমির হামজার একান্ত সহকারী (পিএস) মোমিন বিশ্বাস বলেন, এমপি সাহেব মাহফিলে আছেন। এনামুল ভাই ঢাকায় আছেন। এমপি সাহেব রাতে ঢাকায় যাবেন, সাংগঠনিক সভা আছে।
ছড়িয়ে পড়া বক্তব্যটি তিনি শুনেছেন বলে জানান মোমিন বিশ্বাস। তবে আমির হামজার ফেসবুক পেজে ফটোকার্ড প্রকাশের বিষয়ে তার জানা নেই।